‘শকুন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ চলছে’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৬:৪৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিলুপ্তপ্রায় সকল বন্যপ্রাণী সংরক্ষণে বর্তমান সরকার সব সময়ই সচেষ্ট। এই প্রাণীগুলোর মধ্যে শকুন অন্যতম। শকুন সংরক্ষণে সরকার দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে একযোগে কাজ করছে।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘শকুন সংরক্ষণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও কম্বোডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশ মন্ত্রী আরও বলেন, সরকার শকুন সংরক্ষণে ইতোমধ্যে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। শকুন সংরক্ষণের সকল আন্তর্জাতিক উদ্যোগ বাংলাদেশ সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করছে।

তিনি বলেন, শকুনের জন্য ক্ষতিকারক ঔষধ ডাইক্লোফেন ২০১০ সালে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বন বিভাগ শকুন সংরক্ষণে সিলেট ও সুন্দরবন এলাকায় দু’টি নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে। শকুন সংরক্ষণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শকুন পুনরুদ্ধার কমিটি গঠন করা হয়েছে ২০১৩ সালে। একই সঙ্গে গঠন করা হয়েছে শকুন সংরক্ষণে দীর্ঘমেয়াদী এ্যাকশন প্ল্যান, যা বাংলাদেশে শকুন সংরক্ষণে একটি যুগান্তকারী পদক্ষেপ।

আরও পড়ুন: ৪০ বাসযাত্রীর প্রাণ বাঁচলো গাছে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ শফিউল আলম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউসিএন-এর উপ আঞ্চলিক পরিচালক ড. তেজপা সিং।

ইত্তেফাক/এমআই