খাশোগি হত্যায় যুবরাজকে দায়ী করেননি সিআইএ :ট্রাম্প

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে তুরস্ক। খবর সিএনএন ও বিবিসি’র

বৃহস্পতিবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) তার তদন্তে এ সিদ্ধান্তে আসেনি যে যুবরাজ বিন সালমানই সাংবাদিক খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। গোয়েন্দা সংস্থাটি বলেছে, যুবরাজ হত্যার নির্দেশ দিতেও পারেন, নাও পারেন। তাই এর মাধ্যমে প্রমাণ হয় না যে যুবরাজই নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, তার কাছে এমন গোয়েন্দা তথ্য জানা নেই যাতে বলা হয়েছে যে যুবরাজই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, বাদশাহ সালমান এবং তার পুত্র বারবারই সাংবাদিককে হত্যার অভিযোগ অস্বীকার করে আসছেন। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এ ধরনের হত্যাকাণ্ডে যুবরাজের অনুমোদনের দরকার হয়। তবে সৌদি আরব তুরস্কে নিজস্ব কনস্যুলেটে খাশোগিকে হত্যার কথা স্বীকার করলেও যুবরাজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি, দুর্বৃত্তরা খাশোগিকে হত্যা করেছে এবং তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছিলেন, হত্যাকাণ্ড সম্পর্কে হয়তো যুবরাজ জানতে পারেন। গত ২ অক্টোবর খাশোগিকে হত্যা করা হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনায় চোখ অন্ধ করে বসে আছেন। এটা ভালো নয়। অর্থই সবকিছু নয়। মানবিক মূল্যবোধ থেকে আমাদের দূরে থাকা উচিত নয়।