কুষ্টিয়ার দৌলতপুরে বিড়ি শ্রমিক ফেডারেশন ও আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা বিড়ি শিল্পের বিরুদ্ধে যড়যন্ত্র ও এ শিল্পকে বন্ধ করার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। সমাবেশে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখে বিড়ি শ্রমিকরা। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ শ্রমিকদের অনুরোধ করলে তারা সমাবেশের মাধ্যমে অবরোধ তুলে নেয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিড়ি শ্রমিক ফেডারেশনের আহ্বানে আকিজ বিড়ি ফ্যাক্টরির কয়েক হাজার বিড়ি শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে প্রাগপুর-কুষ্টিয়া সড়কের হোসেনাবাদ বাজারে অবস্থান নেয়। এসময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা বেল্লাল হোসেন, বজলুর রহমান, আ. হান্নান, মোমিন, মন্টু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিগারেটকে টিকিয়ে রাখতে চান অথচ বিড়ি শিল্প দুই বছরের মধ্যে তুলে দেয়ার হুমকি দিয়েছেন। অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী গরীবদের নয় তিনি শুধুমাত্র ধনীদের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বিড়ির ওপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে, এ শিল্পকে মালিকরা বাধ্য হয়ে বন্ধ করে দিবে। তাহলে আমরা লক্ষ লক্ষ শ্রমিক কিভাবে জীবন ধারণ করব। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এ শিল্প বন্ধ করা যাবেনা বলে তারা হুঁশিয়ারী দেন। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বিড়ির ওপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে। এ ব্যাপারে তাদের স্মারকলিপি দেবার কথা বললে তারা অবরোধ তুলে নেয়।
ইত্তেফাক/এমআই
