নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ১৮ মে ২০১৭, ১২:৫৮
 
বগুড়ার নন্দীগ্রামে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী হাবিবা খাতুন (১৩) নিহত হয়েছে। সে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কৈডালা গ্রামের সরফুল ইসলামের মেয়ে। হাবিবা খাতুন রনবাঘা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। 
 
জানা গেছে, আজ সকাল সাড়ে ৯ টার দিকে হাবিবা খাতুন ও তার সহপাঠি নুপুর খাতুন স্কুলে যাবার সময় বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা শহর কুড়ি নামক স্থানে নাটোরমুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিবা খাতুন (১৩) নিহত হয়। গুরুত্বর আহত নুপুর খাতুনকে (১৩) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে কৈডালা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 
 
কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে