গোলাম মোস্তাফা স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৮ মে ২০১৭, ২০:২৪
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন নবীন মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে শুরু হয়েছে কারিকা প্রেজেন্ট এ্যাডভোকেট গোলাম মোস্তাফা স্মৃতি আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতা- ২০১৭-পাওয়ার্ড বাই বিএম এলপি গ্যাস। 
 
বৃহস্পতিবার সকালে টুর্নামন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারোয়ার, সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান ও নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল সভাপতিত্ব করেন। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নবীন মেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি সংগঠন। চট্টগ্রামের খেলাধূলার ইতিহাসে বিশেষ করে টেবিল টেনিসের উন্নতির সঙ্গে এই সংগঠনের অনেক ইতিবাচক ভূমিকা রয়েছে। অ্যাডভোকেট গোলাম মোস্তাফা স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট আয়োজন করে তারা আবারো সেটা প্রমাণ করলো।’ 
 
তিনি এ্যাডভোকেট গোলাম মোস্তফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং এই ধরণের টুর্নামেন্ট আয়োজনে জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
IMG0
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করেছে নবীন মেলা। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে বাংলাদেশ বিমান, বিকেএসপি, অরুনিমা ক্লাব, গ্রিন পয়েন্ট সিটি ক্লাব, রংপুর, নড়াইল, চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার জেলাসহ দেশের নামকরা ক্লাবের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। এছাড়াও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের টপ র‌্যাঙ্কিং বালক ও বালিকা এবং নারী দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হচ্ছে- পুরুষ (দলগত), পুরুষ (একক), বালক (একক) এবং মহিলা (একক)। আগামী শনিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারোয়ার বলেন, ‘যুব সমাজকে ঠিকপথে পরিচালিত করতে খেলাধূলার বিকল্প নেই। নবীন মেলা এই ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এই প্রতিযোগিতা দেশের টেবিল টেনিসের বিকাশ গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
 
নবীন মেলা ক্লাবের উপদেষ্টা ও মরহুম অ্যাভোকেট গোলাম মোস্তফার সহধর্মিনী ফাতেমা বেগম বলেন, চট্টগ্রামের প্রখ্যাত আইনজীবী মরহুম গোলাম মোস্তফার নামে জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট টেবিল টেনিসের উন্নয়নে ভূমিকা রাখবে। উনি নিজেও একজন ক্রীড়ামোদী ছিলেন। নবীন মেলা, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং সকল স্পন্সর প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নবীন মেলার সিনিয়র সহসভাপতি ও সিজেকেএস টেবিল টেনিস কমিটির সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, স্পন্সর প্রতিষ্ঠান কারিকার স্পেশাল করেসপনডেন্ট সাইফুল ইসলাম, ইগলুর’র রিজিওনাল সেলস ম্যানাজার হাবিবুর রহমান, চিটাগাং ইভেন্টজ এর সত্তাধিকারী মো. সাহাবুদ্দিন,, বাংলাদেশ টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন ডা. মানস চৌধুরী এবং সিজেকেএস ও নবীন মেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী দিনের খেলায় বাংলাদেশ বিমান নড়াইল জেলাকে, চট্টগ্রাম জেলা কক্সবাজার জেলাকে, অরুনিমা টিটি ক্লাব গ্রিন পয়েন্ট ঢাকাকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে নবীন মেলার সহ-সভাপতি সাইফুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ মেয়র আ জ ম নাছিরকে নবীন মেলার পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন। এছাড়া সিজেকেএস এর পক্ষ থেকে এ্যাডভোকেট গোলাম মোস্তাফার সহধর্মিনী ফাতেমা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করেন।
 
 
ইত্তেফাক/ইউবি