মা হ মু দু ল আ মি ন
এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মৌরী সেলিম ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান জুটিবদ্ধ হয়ে আসছে বৈশাখের জন্য নির্মিতব্য একখণ্ডের নাটকে অভিনয় করেছেন। ইমরুল রাফাতের পরিচালনায় ‘চেনা-অচেনা’ নাটকে তাদের দেখতে পাবেন দর্শকরা। নাটকে অভিনয় প্রসঙ্গে মৌরী সেলিম বলেন, ‘প্রথমত ধন্যবাদ দিতে চাই নির্মাতা ইমরুল রাফাত। কারণ তিনি আমাকে দিয়ে একটি চ্যালেঞ্জ নিয়েছেন। সে কারণে আমি আমার অভিনয় সত্তাকে যেমন প্রমাণ করার একটি সুযোগ পেয়েছি, তেমন আমি নিজেও এই নাটকে কাজ করে বেশ তৃপ্ত। আমাকে ভীষণ সহযোগিতা করেছেন আমার সহশিল্পী জোভান। তার সহযোগিতার কারণে এই নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে তুলে ধরতে পেরেছি। তাই পরিচালক ও সহশিল্পী দুজনের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি অনেক অনেক ভালোবাসা, কারণ তারা আমাকে অনেক উত্সাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। আমি প্রতিদিনই আবেগাপ্লুত হয়ে পড়ছি।’ মৌরীর অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘আমার কাছে যে বিষয়টি মৌরীর সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা হলো তাকে ক্যামেরার সামনে দাঁড়ানো ছাড়া যখনই দেখেছি, তখনই তাকে স্ক্রিপ্ট পড়তে দেখেছি। যেখানে অন্য অনেকে ফেসবুকে লাইভ নিয়ে, লাইক নিয়ে ব্যস্ত থাকে, নিজের নাটকের ভিউ নিয়ে চিন্তায় থাকে; সেখানে মৌরীর স্ক্রিপ্ট পড়তে থাকার বিষয়টির মধ্যে অভিনয়ের মাঝে ডুবে থাকার আগ্রহ লক্ষ্য করেছি। যা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি একটি কথাই বলতে চাই, সেটি হলো এই টেলিফিল্মে মৌরী খুব ভালো অভিনয় করেছে। আর ভালো গল্পের এই নাটকটি আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ ‘চেনা-অচেনা’ নাটকটি বৈশাখের অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচারিত হবে।
