ফুলবাড়ীয়া উপজেলা থেকে নিখোঁজের পাঁচদিন পর রহিম (৫) নামে এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রহিম ওই গ্রামের আবু মোছার পুত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে আনোয়ার হোসেন (৪০) ও তার ছেলে সুজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার বালাশ্বর গ্রামের আবু মোছার পুত্র আ. রহিম গত সোমবার সকালে বাড়ির পাশ্ববর্তী মসজিদ ভিত্তিক পাঠাগারে পড়তে গিয়ে নিখোঁজ হয়। শিশুটি নিখোঁজের ১৫ দিন আগে পাশের বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী রুনা আক্তার শিশুর পিতাকে বলেছিল ঢাকার একজন শিশুটিকে পালক হিসাবে নিতে চান। এ জন্য ৩-৪ লাখ টাকার লোভও দেখানো হয়। শনিবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার স্তূপে শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। রুনা আক্তার পলাতক রয়েছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
