মো. আমিরুজ্জামান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন, নাচ-গানের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিনে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ থেকে ৩১ মার্চ অনুষ্ঠিত হয় নাচ-গান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রেলওয়ে শ্রমিকলীগ সৈয়দপুর কারখানা শাখা নিজস্ব কার্যালয়ের সামনে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সাংসদ রাবেয়া আলীম, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন ও ভাইস চেয়ারম্যান আজমল হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শিল্পীরা অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ক্লোজআপ ওয়ান তারকা সাজুর সঙ্গীত পরিবেশনা। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগ কারখানা শাখার সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন, অতিরিক্ত সম্পাদক আবু সালেহ, ওপেন লাইন শাখার সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সমাপনী দিবসে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করেন। প্রতিবছর শ্রমিকলীগের এ ধরনের আয়োজন সকলের কাছে প্রশংসিত হয়েছে।
