আহাদ চৌধুরী তুহিন
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ভোলায় ৪৯তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ ভোলার উপ-শহর বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন দেশের স্বনামধন্য ও জনপ্রিয় শিল্পী তপু ও রেশমী। এছাড়া কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ভোলার ওরিয়র্স ব্যান্ডশিল্পী আবিদ ও মার্সেল সঙ্গীত পরিবেশন করেন। টানা ৪ ঘণ্টা শ্রোতারা কনসার্টটি উপভোগ করেন। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।
এর আগে সকালে ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের—এ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ, এমপি। কনসার্টটি সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি তারকা সাইদ বাবু।
