অপেক্ষা কাটছে না শাকিব খানের

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:২২

বিনোদন রিপোর্ট

 

দেশের চলচ্চিত্রের অন্যতম আকর্ষণ শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই বিশাল পরিসরে মুক্তি হইচই। এ বছর এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও তালিকায় শাকিব খানের কোনো সিনেমা নেই। দেশের সিনেমা বাজারের বর্তমান অবস্থায় শাকিব খান হল মালিক অন্যতম ভরসা। অন্যদিকে হল মালিক সমিতিও ১২ এপ্রিল থেকে সিনেমা বন্ধ করার ঘোষণা দিয়েছিল। ইন্ডাস্ট্রির এমন সময় আশার কথা ছিল পহেলা বৈশাখ মুক্তি পেতে যাচ্ছে শাকিবের নতুন সিনেমা ‘শাহেনশাহ’। কিন্তু সম্প্রতি সিনেমাটির প্রযোজনা সংস্থা থেকে জানানো হয় পহেলা বৈশাখেও মুক্তি পাচ্ছে না সিনেমাটি। ঈদকে কেন্দ্র করে ‘শাহেনশাহ’ মুক্তির একটি পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে এরইমধ্যে ঈদে শাকিবের নিজের প্রডাকশন থেকে মুক্তি পাবে ‘পাসওয়ার্ড’। অর্থাত্ এবার ঈদেও আবারো শাকিব বনাম শাকিব প্রতিযোগিতার মধ্য দিয়েই চলবে সিনেমাগুলো। তবে বছরে এই কয়েক মাস তার কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় অন্যদের ছবিগুলো ব্যবসায়িকভাবে কতটুকু সফল হলো তা বলার অপেক্ষা রাখে না।