৭ কোটি ১০ লাখ টাকার একটি দুর্নীতি মামলায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্টোরকিপার ফজলুল হককে গ্রেফতার করেছে দুদক।
রবিবার সকালে সিভিল সার্জন অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মহাতাব উদ্দীন বাদী হয়ে স্টোরকিপার ফজলুল হক ও তৎকালীন সিভিল সার্জন ডা. সালেহ আহমেদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ জুলাই সাতক্ষীরা মেডিকেল কলেজের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয় থেকে ৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৬৪৫ টাকার এমএসআর মালামাল সামগ্রী সাতক্ষীরা সদর হাসপাতালসহ সকল উপজেলা হাসপাতাল গুলোতে বিতরণ করার জন্য পাঠানো হয়। পরবর্তীতে সিভিল সার্জন অফিসে মালামাল গুলো পাঠানো হয়। তৎকালীন মেডিকেলে স্টোরকিপার ফজলুল হক স্বাক্ষর করে মালামালগুলো বুঝে নেন। এর পর নতুন সিভিল সার্জন উৎপল কুমার দেবনাথ সাতক্ষীরায় যোগদানের পর একটি তদন্ত কমিটি করে দেন। জেলার সমস্ত জায়গায় তদন্ত কমিটি খোঁজ নিয়ে দেখেন এ মালামাল গুলো কোথাও সরবরাহ না করে স্টোরকিপার ফজলুল হক ও তৎকালীন সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ সেগুলো আত্মসাৎ করেছেন।
ইত্তেফাক/ইউবি
