‘ভাবনগরে’র চর্যাগীতি-নৃত্য

আপডেট : ২২ মে ২০১৭, ০১:৩৯

বাংলার প্রাচীনতম কাব্য চর্যাগীতির পুনর্জাগরণে কাজ করছে ভাবনগর ফাউন্ডেশন। প্রাচীন চর্যাগীতিকে আধুনিক ভাষায় কিন্তু সেই সময়ের মানুষের আবেগকে ধরে রেখে এক নিরীক্ষামূলক উপস্থাপনা করে থাকে দলটি। গতকাল এই সংগঠনটির আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো চর্যাগান ও চর্যানৃত্য পরিবেশনা।

গতকাল রবিবার আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ ছিল এই পরিবেশনা। কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার গ্রামের সাধকশিল্পীসহ ঢাকা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, বরিশাল, পঞ্চগড় ও সিরাজগঞ্জের ভাবসাধকগণ চর্যাগান পরিবেশন করেন। পাশাপাশি চর্যানৃত্য ও গীত পরিবেশন করবেন ভারতের নৃত্যশিল্পী অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায় ও সংগীতকার অভিতাভ মুখোপাধ্যায়। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংগীতজ্ঞ অধ্যাপক করুণাময় গোস্বামী।

এর আগে সকালে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত সমতটের সুবর্ণ মুদ্রা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান। মূল বক্তব্য উপস্থাপন করেন ড. শরিফুল ইসলাম। আলোচনা করেন ড. মো. রেজাউল করিম ও অধ্যাপক ড. স্বাধীন সেন। বিকালে একই মিলনায়তনে ছিলো ড. আহমেদ হাসান দানী স্মারক বক্তৃতা। এতে প্রধান অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পারভীন হাসান। বক্তব্য রাখেন বঙ্গীয় শিল্পকলা চর্চা আন্তর্জাতিক কেন্দ্রের সভাপতি ড. এনামুল হক। আলোচনা করেন অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ ও ড. স্বপন কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী।

দেশীদশ-এর ঈদ ফ্যাশন শো :ঈদ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের পোশাক প্রতিষ্ঠানগুলো। এবারের ঈদে নতুন নতুন ডিজাইনের পোশাক কী আসছে সেসব তুলে ধরতেই আয়োজন করা হয়েছিল ফ্যাশন শোয়ের। দেশি পোশাক তৈরি করা দশটি ফ্যাশন হাউজ দেশীদশ আয়োজন করেছিল এ ফ্যাশন শোয়ের। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ১ নম্বর হলে অনুষ্ঠিত হলো দেশীদশ ঈদ ফ্যাশন শো। দেশী দশের সদস্য ও দেশের শীর্ষস্থানীয় দশটি ফ্যাশন হাউজ নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির ঈদ আয়োজন নিয়ে আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো।

ইত্তেফাক/নূহু