বাংলা সংস্কৃতির বিকাশ ও বইয়ের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হয়েছে তিন দিনব্যাপী ২৬তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হয় রবিবার।
নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এবারের উৎসবে একাত্তরের মার্কিন সহযোদ্ধা স্যালিউলোবিকে বিশেষ সম্মাননা দেওয়া ছাড়াও চ্যানেল আই-মুক্তধারা সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানকে।
প্রবাসে বাংলার লোক সংস্কৃতি লালন ও বিকাশে নিরন্তরভাবে কর্মরত কণ্ঠশিল্পী দুলাল ভৌমিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া দুই বাংলার সাহিত্য নিয়ে একই আকাশ-একই বাতাস এবং মুখোমুখি আলাপচারিতা শীর্ষক দুটি অনুষ্ঠান হয়।
এবারের বাংলা উৎসবে প্রবাসের লেখকদের ১৭টি নতুন বই নিয়ে আলোচনা করা হয়। প্রবাসের কবিদের কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন ফকির ইলিয়াস, গোপন সাহা, খায়রুল আলম, তাহরিনা পারভিন প্রীতি, খালেদ, শরফুদ্দিন, আওসাফ, অহনা, নাহরিন, কবিতা হোসেন, শুক্লা রায়, মামুন জামিল, রাওধান খানম, মঞ্জুর কাদের, লিওনা মুহিত, কাজী জহীরুল ইসলাম, বাহাউদ্দিন পিয়াল, আহসান হাবীব, রুমানা লাইস, রীপা নূর, শাহ আলম দুলাল ও ক্লারা রোজারিও।
উৎসবে ঢাকা এবং কলকাতা ছাড়াও ছিলেন কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের লেখকরা।বাংলাদেশের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা, লীনা তাপসী, এবং কলকাতার দেবাঙ্গনা সরকার সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে সৈয়দ আব্দুল হাদীর গান উপভোগ করেন উৎসবে আসা অতিথিরা।
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর
