গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জন ঘটনাস্থলেই নিহত ও একজন মারাত্মক আহত হয়েছে। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী। সোমবার রাত ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকার মা সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো টাঙ্গাইল জেলার বাশাইল কাঞ্চনপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র সফিকুল ইসলাম (৪৫), তার একমাত্র কন্যা অঞ্জনা আক্তার (৭) ও পুত্র এলাহী (২)। প্রতক্ষ্যদর্শী উপজেলার সূত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলাইমান মিন্টু বলেন, টাঙ্গাইল জেলার বাশাইল কাঞ্চনপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র মোঃ সফিকুল ইসলাম সোমবার রাত ৮টায় একটি মোটরসাইকেল যোগে স্ত্রী ও দুই শিশু সন্তানকে সাথে নিয়ে কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শ্বশুর বাড়ি থেকে বাশাইল যাওয়ার পথে রাত ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকার মা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আগত ন্যাশনাল ট্রাভেলস নামে ঢাকা মেট্রো ব ১৪-৭৫২০ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক সফিকুল ইসলাম (৪৫),তার একমাত্র পুত্র এলাহী (২) ও কন্যা অঞ্জনা আক্তার (৭) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তার স্ত্রী রমেলা আক্তার (৪০) মারাত্মক আহত হয়। আহত রমেলা আক্তারের অবস্থা আশঙ্কাজনক। তাকে মূমূর্ষ অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
