শেখ হাসিনা আলেমদের যে সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল: ফরিদ উদ্দিন মাসউদ

আপডেট : ২৩ মে ২০১৭, ১৪:০০
 
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ বলেছেন, ‘গণভবনে ডেকে নিয়ে একজন রাষ্ট্রপ্রধান হয়ে শেখ হাসিনা আলেমদের যে সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল। তার ভেতর আল্লাহ ও রাসূলের মহব্বত আছে।’
 
রবিবার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের হোটেল সলিলে মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক ‘জঙ্গিবাদ দমনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা এবং কওমী মাদ্রাসা সনদের সরকারি স্বীকৃতি ও আগামীর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মাও. ফরিদ উদ্দিন মাসউদ বলেন, প্রবাসীদের অবদানেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। প্রবাসীরাই অর্থনীতির চালিকা শক্তি। মালয়েশিয়াতে আপনারা যারা অবস্থান করছেন দেশটির আইন কানুন মেনে চলার চেষ্টা করেন। বিদেশে যত ভালো কাজ করবেন তত দেশের মঙ্গল বয়ে আনবে। বিদেশিরাও আমাদের দেশ তথা আপনাদের মূল্যায়ন করবে।
 
তিনি আরো বলেন, ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষ হত্যার পর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জাতির জন্য মঙ্গল এনে দিতে পারে না।তিনি জঙ্গিবাদ মোকাবিলায় প্রবাস থেকে বাংলাদেশিদের সহযোগিতা করার আহবান জানান।
 
মালয়েশিয়া আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও এ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় আলোচনা সভায় আলোচক ছিলেন, কাওরান বাজার আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।
 

ইত্তেফাক/এএম।