ফেসবুক লাইভে এসে স্কুলছাত্রীকে নির্যাতন আটক ৬ বখাটে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৩৭

নগরীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে স্কুলছাত্রী নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে বরিশাল পুলিশের সাইবার ক্রাইম টিম। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. তানভির হোসেন আরিফ, মো. ইমরান হোসেন তুষার, মো. তাজবির রায়হান, মো. তাজিবুল হাসান সায়েম, মো. ফয়সাল হোসেন এবং মো. সিয়াম হোসেন। এই ঘটনায় জড়িত মো. মুরাদ ও মো. মমিনুল ইসলাম নামে আরও পলাতক রয়েছেন।

অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানিয়েছেন, প্রেম সম্পর্কের জেরে এক ছাত্রীকে তানভিরসহ অন্যরা ডেকে নেয় শহীদ আব্দুর রব সেরনিয়াবত (দপদপিয়া) সেতুর ঢালে। সেখানে ফেসবুক লাইভ করে স্কুলছাত্রীকে সকলে মিলে মারধর করেন। এই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নজরে আসে। বৃহস্পতিবার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।