দেশের জন্য সম্মান বয়ে এনেছেন ফরিদা ইয়াসমিন

আপডেট : ২৪ মে ২০১৭, ০১:৩৫

ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেসক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে রচনা করেছেন মাইলফলক। সাংবাদিকতায় নারীর ক্ষমতায়নে অনন্য এই দৃষ্টান্ত স্থাপন করায় সমপ্রতি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। ফরিদা ইয়াসমিনই প্রথম বাংলাদেশি সাংবাদিক যিনি এই অ্যাওয়ার্ড পেলেন। এই অর্জনের মধ্য দিয়ে তিনি দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফরিদা ইয়াসমিনের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।

হাসানুল হক ইনু বলেন, লিঙ্গ বৈষম্য দূর করা সরকারের অঙ্গীকার। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের এই অর্জন দেশে নারীর ক্ষমতায়নকে একধাপ এগিয়ে দেবে। তিনি বলেন, সামনে যে নির্বাচন আসছে সেটা কখনোই রাজাকার, যুদ্ধাপরাধী, উগ্রবাদী, আগুন সন্ত্রাসীদের হালাল করার উত্সব না।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফরিদা ইয়াসমিনকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মেয়েদের সাংবাদিকতায় এগিয়ে আসতে এই অর্জন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদও একই মন্তব্য করেন।

তাসমিমা হোসেন বলেন, ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেসক্লাবের ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসক্লাবের উন্নয়নে সহায়তা করছেন। এটিকে এগিয়ে নিতে হলে ফরিদা ইয়াসমিনকে সহায়তা করতে হবে। এছাড়া মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারের কথা সাংবাদিকদের তিনি তুলে ধরতে বলেন।

প্রাপ্ত অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উত্সর্গ করেন ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

ইত্তেফাক/নূহু