বিভিন্ন স্থানে অসহনীয় লোডশেডিং প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৪ মে ২০১৭, ০২:০২

অসহনীয় গরমের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে চলছে ভয়াবহ লোডশেডিং। এর প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে করেছেন গ্রাহকরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মাগুরা: মাগুরায় বিদ্যুত্ এর লোডশেডিং ও দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। একটু স্বস্তির আশায় মানুষ ঠান্ডা পানীয় ও ডাবের দোকানে ভিড় করছেন। এদিকে জেলায় বিদ্যুত্ এর লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। একবার বিদ্যুত্ গেলে এক থেকে দেড় ঘণ্টা পর আসে। আবার চলে যায়। ফলে বিদ্যুত্ নির্ভর বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। তীব্র গরমে অনেকে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।

বামনা (বরগুনা): গত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ মাত্রায় লোডশেডিংয়ের প্রতিবাদে উপজেলার সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের সামনে বামনা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বামনা প্রেস ক্লাবের সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, জাতীয় পার্টি বামনা উপজেলা শাখার সভাপতি মো. ফারুক আহম্মেদ আকন, বামনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বামনা উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ কান্ত কর্মকার, আওয়ামী যুবলীগ বামনা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার, ছাত্রলীগ বামনা উপজেলা শাখার আহ্বায়ক আলামিন হোসেন জনি প্রমুখ।

মেলান্দহ (জামালপুর): মেলান্দহ বাজার বণিক সমিতি বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে। বণিক সমিতির সভাপতি কিসমত পাশা এতে নেতৃত্ব দেন।

উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। এর আগে বণিক সমিতির কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি বেনজির আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শামিম, বিশিষ্ট ব্যবসায়ী আ. রাজ্জাক আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শাহ জামাল প্রমুখ।

ইত্তেফাক/নূহু