‌দুধ বিক্রি করতে যাচ্ছিল ৬ষ্ঠ শ্রেণির আলফাজ, পথে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:০৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. আলফাজ নামে (১১) এক স্কুলছাত্র পিটিয় হত্যা করা হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার ছয়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী রিফাত নামে এক যুবককে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে।​

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খারুয়া বড়াইল গ্রামের রুহুল আমিনের ছেলে এবং খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র আলফাজ বাড়ি থেকে দুধ নিয়ে বিক্রির জন্য ছয়বাড়িয়া বাজারে যাচ্ছিল। আলফাজ ছয়বাড়িয়া গ্রামে কাছে পৌঁছলে সিরাজ মিলিটারীর ছেলে রিফাতের (১৯) নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ও মহিলা তাকে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে খুন করে। খবর পেয়ে আলফাজের বাড়ির লোকজন তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার আলফাজকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও থানা পুলিশ আলফাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত আলফাজের বড় ভাই সুমন জানায়, পরিকল্পিতভাবে এই খুনীরা আমার ভাইকে হত্যা করেছে।

আরো পড়ুন: প্রধান শিক্ষককে জুতা দিয়ে পেটালেন শ্রমিক লীগ নেতা

এদিকে ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিফাতকে আটক করে গফরগাঁও থানা পুলিশের কাছে সোর্পদ করে। রিফাত গফরগাঁও সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। 

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, নিহত আলফাজের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মোিডকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

ইত্তেফাক/অনি