সৌরভকে কারণ দর্শানোর নোটিস

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:২১

স্পোর্টস রিপোর্টার

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ‘স্বার্থের দ্বন্দ্ব’ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ন্যায়পাল ডি কে জৈন। ইতিমধ্যে সৌরভের বিপক্ষে তার অবস্থানের সাথে সংঘাতপূর্ণ কাজ করার অভিযোগ উঠেছে।

সৌরভ এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) নির্বাচিত প্রেসিডেন্ট। সেই সাথে তিনি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) উপদেষ্টা হিসেবে কাজ করছেন। ফলে প্রশ্ন উঠেছে সিএবি সভাপতি হিসেবে তিনি একটি আইপিএল দলের উপদেষ্টা হতে পারেন কি না। তাতে স্বার্থের সংঘাত তৈরি হয় কি না।

 জৈন পিটিআইয়ের কাছে স্বীকার করেছেন যে, এই কারণে সৌরভকে কারণ দর্শাতে বলা হয়েছে। আর তাকে সাতদিন সময় দেওয়া হয়েছে সাড়া দেওয়ার জন্য, ‘হ্যাঁ, আমি সৌরভকে ডিসি  উপদেষ্টা ও একটি প্রাদেশিক সংস্থান প্রেসিডেন্ট হিসেবে স্বার্থের সংঘাতের যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে উত্তর দেওয়ার জন্য বলেছি। তাকে একটা উত্তর দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে।’

ভাস্বতি সান্তুয়া, রনজিত সিল ও অভিজিত মুখার্জী নামে তিনজন ক্রিকেট ভক্ত সৌরভকে নিয়ে আনুষ্ঠানিক এই অভিযোগ করেছেন। তাদের আপত্তি ছিলো ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে থাকা। তারা দাবি করেছিলেন, কলকাতার বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেন না সৌরভ। কিন্তু এই নির্দিষ্ট অভিযোগে জৈন পাত্তা দিচ্ছেন না। তিনি বলেছেন, কোনো নির্দিষ্ট ম্যাচে সৌরভের কোথাও থাকা বা না থাকা তার চিন্তা নয়। তিনি বরং পুরো বিষয়টাতে সৌরভের অবস্থান জানতে চান।

 জৈন বলছিলেন, ‘আমি কোনো নির্দিষ্ট ম্যাচ নিয়ে চিন্তিত নই। এটা তার বিপক্ষে স্বার্থের সংঘাত তৈরি হওয়ার একটা সামগ্রিক অভিযোগ। ফলে তার এটা পরিষ্কার করা উচিত।’