মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে খেলোয়াড় চুক্তিবিধি ভঙ্গ করায় শ্রীলঙ্কা (এসএলসি) টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নকে সাড়ে সাত হাজার ডলার জরিমানা করেছে। এসএলসি সচিব মোহন ডি সিলভা জানান, ‘আপনি যখন বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হচ্ছেন এবং আমরা আসন্ন ঘরোয়া টুর্নামেন্ট (সুপার প্রভিন্সিয়াল) প্রচুর অর্থ ব্যয় করছি তখন এমন ধরনের বোকামি আমরা মেনে নিতে পারি না। এই শাস্তি বাকিদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’ গেল রবিবার কলম্বোর কাছে বোরেলা শহরে এক সড়ক দুর্ঘটনায় পড়েন করুনারত্নে। এ সময় তার গাড়ি একটি থ্রি হুইলারকে ধাক্কা দিলে চালক আহত হন। এরপর আহত চালককে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। দুর্ঘটনার পর করুনারত্নকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। তার লাইসেন্স স্থগিত করা হয়।
