আওয়ামী লীগকে নকল করে রাজনীতি করছে খালেদা: খালিদ মাহমুদ

আপডেট : ২৪ মে ২০১৭, ২০:৫১
 
কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, 'আওয়ামী লীগের দিন বদলের সনদ নকল করে ২০৩০ ভিশন পরিকল্পনা দিয়ে নকল রাজনীতি শুরু করেছে বেগম খালেদা জিয়া। দেশে সন্ত্রাস, জঙ্গি, জ্বালাও, পোড়াও পথ বেছে নিয়েছে।'
 
'দেশের মানুষকে বেগম খালেদা জিয়ার নকল রাজনীতি থেকে সাবধান থাকতে হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে সব শ্রেণি পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশকে মর্যাদা এনে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেও বিভিন্ন দেশে গিয়ে সম্মানিত হচ্ছেন।'
 
বুধবার বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলি তুলে ধরেন। তিনি বলেন, 'দেশের মাদক, সন্ত্রাস ও জঙ্গির জন্ম দিয়েছিল বেগম খালেদা জিয়া ও তার পুত্ররা। এ অঞ্চলে বাংলা ভাই শাইখ আব্দুর রহমানদের প্রতিষ্ঠিত করেছিল বেগম খালেদা জিয়া সরকারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আর প্রধান মন্ত্রী মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূল করে যাচ্ছে।'
 
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামানের সভাপতিত্বে জন সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক সদস্য আকতার জাহান বেগম এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাবু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান, জেলা মহিলা লীগ সভাপতি অ্যাডভোকেট মরজিনা বেগম, যুব মহিলা লীগ সভাপতি অ্যাডভোকেট সেলিনা খাতুন সেলী প্রমুখ।
 
ইত্তেফাক/জামান