স্পোর্টস রিপোর্টার
বড় কোনো ঝামেলা ছাড়া, বলা চলে বেশ নির্বিঘ্নেই এবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চলছে। হঠাত্ করে প্রিমিয়ার লিগে কিছুটা উত্তাপ ছড়ালো অষ্টম রাউন্ডের মোহামেডান স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি। বিকেএসপিতে গত ২ এপ্রিল দুদলের ম্যাচটি ছিল বৃষ্টি বিঘ্নিত। বৃষ্টির পর আম্পায়াররা ম্যাচ খেলতে নামতে বললেও ব্রাদার্স মাঠে নামেনি। উইকেটের পাশে পানি ছিল, ম্যাচ শুরুর তথ্য, ডিএল মেথডের টার্গেট সঠিকভাবে অবগত করা হয়নি উল্লেখ করে খেলতে অস্বীকৃতি জানায় ব্রাদার্স।
মাঠে অনেকক্ষণ অপেক্ষার পর ব্রাদার্স না আসায় মোহামেডানকে জয়ী ঘোষণা করা হয়। ব্রাদার্স রিজার্ভ ডে তথা গতকাল তাদের ইনিংসটি খেলতে চেয়েছিল। কিন্তু পরিবেশ ঠিক হয়ে যাওয়ায় আম্পায়াররা ২ এপ্রিল ম্যাচ শেষ করার চেষ্টা করেছিলেন। পরে পয়েন্ট ভাগাভাগি চেয়ে লিগের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠি দিয়েছে ব্রাদার্স।
ম্যাচের পয়েন্ট মোহামেডানকে দেওয়া হলেও ব্রাদার্স চিঠি দেওয়ায় এই ঘটনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে সিসিডিএম। ম্যাচ রেফারির রিপোর্টের অপেক্ষা করছে সিসিডিএম। ওই রিপোর্ট পাওয়ার পরই এই ঘটনায় করণীয় ঠিক করবে সংস্থাটি। সিসিডিএম সূত্রে জানা যায়, চিঠিতে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি চেয়েছে ব্রাদার্স। গতকাল জানতে চাইলে এ বিষয়ে সিসিডিএম ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেছেন, ‘ব্রাদার্স আমাদেরকে চিঠি দিয়েছে। ম্যাচ রেফারির রিপোর্ট আসার পর বিষয়টি সিসিডিএমের টেকনিক্যাল কমিটিতে আলোচনা হবে। সেখানে সমাধান না হলে বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।’
বিকেএসপিতে ২ এপ্রিলের ওই ম্যাচে আগে ব্যাট করে মোহামেডান ৯ উইকেটে ৩১৬ রানের বড় স্কোর গড়েছিল। তাদের ইনিংসের পরই নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও মাঠ খেলা উপযোগী হতে কয়েক ঘণ্টা লেগে যায়। আম্পায়াররা ম্যাচ শুরুর সিদ্ধান্ত যখন দেন, তখন ডিএল মেথডে ২০ ওভারে ব্রাদার্সের টার্গেট দাঁড়ায় ১৭৪ রান। কিন্তু ম্যাচটা আর খেলতে নামেনি ব্রাদার্স।
