ক্যালিফোর্নিয়ার এক বিচারক বুধবার ইয়োগা গুরু বিক্রম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যৌন হয়রানির মামলায় সাবেক এক আইন উপদেষ্টাকে প্রায় ৬৫ লাখ ডলার জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।
বার্তা সংস্থা- এএফপির প্রতিবেদনে জানা গেছে, লস-অ্যাঞ্জেলস সুপেরিওর কোর্টের বিচারক এডওয়ার্ড মোরেটন বিক্রম ইয়োগার প্রতিষ্ঠাতা বিক্রম চৌধুরীর জামিনের জন্য ৮০ লাখ ডলার জামানত নির্ধারণ করেন।
বিক্রম চৌধুরীর এক সময়ের আইন উপদেষ্টা মীনাক্ষী জাফা-বোডেন ২০১৩ সালে তার বিরুদ্ধে একটি মামলা করেন। সাবেক এ আইন উপদেষ্টা চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে বলেন, এক ইয়োগা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠায় সে ব্যাপারে এ ইয়োগা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় তিনি তার প্রতি ক্ষিপ্ত হন।
IMG0
জাফা-বোডেনের অ্যাটর্নি কার্লা মিনার্ড জানান, গত বছরের জানুয়ারিতে শাস্তির খেসারত হিসেবে ৬৪ লাখ ৭০ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়। এ রায়ের পরপরই তিনি ক্যালিফোর্নিয়া থেকে পালিয়ে যান।
মিনার্ড বলেন, এ ইয়োগা গুরু ক্যালিফোর্নিয়া থেকে প্রথমে ভারতে এবং পরে থাইল্যান্ডে যান। সেখান থেকে মেক্সিকোতে যাওয়ার আগে তিনি জাপানে যান। তবে বুধবার আদালতে তার কোনো আইনজীবী ছিলোনা। মেক্সিকোয় বর্তমানে তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তবে মেক্সিকো ছাড়ার আগে তাকে গ্রেফতার করাই মূল লক্ষ্য বলেও জানান তিনি। এএফপি।
ইত্তেফাক/সেতু
