তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ার কারণে শিক্ষা ব্যবস্থা ‘ধ্বংসের মুখে’ পৌঁছেছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি ফেইসবুক, গুগল বন্ধ করে দেওয়ার কথা বলেছেন।
সাবেক এই জেনারেল বলছেন, “আমাদের ছেলেরা আজ ভুল পথে। লেখাপড়া আজ জাহান্নামে গেছে। ফেইসবুক, মোবাইল ফোন, আর পর্ন ছবি, ধর্ষণের ছবি ক্লাসের মধ্যে দেখে।
বৃহস্পতিবার ডিআরইউতে ‘শরীয়াহ আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “ফেইসবুক বন্ধ করা প্রয়োজন। ইন্টারনেট, গুগল বন্ধ করা প্রয়োজন। চীনে এসব নেই। তারা সফল হচ্ছে না? এগিয়ে যাচ্ছে না?”
শিক্ষা ব্যবস্থায় অনৈতিক কাজ হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, এদিকে শিক্ষকদের বলা হয়েছে, সবাইকে পাস করাতে হবে, গরু হোক, গাধা হোক, পাস করাতে হবে। জিপিএ-৫ পেতে হবে। তাই শিক্ষকরা সাহায্য করেন শিক্ষার্থীদের নকল করতে।”
এখনকার শিক্ষকদের নিয়েও অসন্তোষ রয়েছে এরশাদের: “আমাদের শিক্ষকরা বাবার মতো ছিল, উনাদের বাবার মতো সম্মান দিতাম, রাস্তায় দেখা হলে সালাম করতাম। সেই শিক্ষকরা আজ নেই। শিক্ষা ব্যবস্থা আজ ভুলপথে। সমাজের এই অধঃপতন।”
আয়োজক সংগঠনের নেতাকর্মীদের এরশাদ বলেন, “আপনারা রাস্তায় নামেন, আমি আপনাদের সঙ্গে থাকব। সন্ত্রাস, নারী ধর্ষণ, খুন, গুম বন্ধ করবো আমরা।”
ইত্তেফাক/নূহু
