ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক পুলিশ কর্মকর্তাসহ দুইজনকে গাঁজাসহ আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। আটককৃত পুলিশ কর্মকর্তার নাম মাকফুর রহমান। তিনি রাজধানী নিউমাকের্ট থানার এসআই। আটককৃত অন্যজনের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কিছু শিক্ষার্থী এদেরকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবনের মাঠ থেকে থেকে আটক করে।
প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন বসে আইন অনুষদের মাঠে গাঁজা টানছিলেন। এ সময় অনুষদের কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাঠে গাঁজা টানার কারণ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন এর মধ্যে একজন পুলিশ রয়েছে। পরে দু'জনকে ধরে শাহবাগ থানায় নিয়ে যায় শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের বরাত দিয়ে ইত্তেফাককে জানান, ওই এসআইকে ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
