বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘা উপজেলার পদ্মায় এখনো বন্ধ হয়নি বালি উত্তোলন। সরকারি অনুমোদন ছাড়া এক শ্রেণির প্রভাবশালীরা প্রশাসনের বিভিন্ন স্তরকে ম্যানেজ করে রাত-দিন বালি উত্তোলন করছে। এর ফলে হুমকির মুখে পড়বে পদ্মা নিয়ন্ত্রণ বাঁধ। ধারণা করা হচ্ছে, সামনের বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। এ ঘটনায় নদী তীরবর্তী চাকরাজাপুর ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য, স্থানীয় রাজনীতিবিদ এবং কয়েকজন স্কুল শিক্ষকসহ এলাকার শতাধিক লোকজন স্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, চকরাজাপুর ইউনিয়নের যে স্থান থেকে এই মুহূর্তে বালি উত্তোলন করা হচ্ছে সেখান থেকে বালি তোলার কোনো সরকারি অনুমতি নেই। আমি এক মাস পূর্বে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার এবং দুটি নৌকা ধ্বংস করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় সাপেক্ষে আটক ব্যক্তিদের মুক্তি দেই। বর্তমানে আবারো সেখানে বালি উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয় লোকজন আমার কাছে অভিযোগ করেছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
