বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের দুটি চিনিকলের অধীনে প্রায় ৩১ হাজার আখ চাষির আখ বিক্রির প্রায় ৭২ কোটি টাকা দ্রুত পরিশোধসহ ১০ দফা দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকরা। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলার মালঞ্চি বাজারের তিনমাথা মোড়ে জাতীয় কৃষক সমিতি ও স্থানীয় আখ চাষি সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পাওনা টাকা আদায়ে আন্দোলনকারী কৃষকরা বিক্ষোভ করে। পরে ইউএনও নাসরিন বানুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি প্রেরণ করেন। এদিকে মানববন্ধনে আখ চাষি সমিতির সভাপতি আ. করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি আ. হাদী। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সভাপতি ফরজ আলী, জেলা যুব মৈত্রীর সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক বিশ্বনাথ, মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব মীর আহম্মেদ টুটুল, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি তোসাদ্দেক সরকার তিতাস প্রমুখ।
