গ্রিনসিটিতে অগ্নিকাণ্ড রোধে সর্বোচ্চ নিরাপত্তার সিদ্ধান্ত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৩৮

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণাধীন আবাসিক গ্রিনসিটিতে বহুতল ভবনগুলোর অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার গণপূর্ত বিভাগ পাবনার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দারের সভাপতিত্বে বহুতল ভবনের ফায়ার সেফটি এবং ফায়ার ডিটেকশন এন্ড প্রটেকশনের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এ সময় মন্ত্রী অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, এখানে এমন ব্যবস্থা রাখতে হবে যা দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় হবে।  সভায় প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কো. লি. এর উপদেষ্টা মনিরুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) ডা. সানোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সভায় ফায়ার সেফটির সামগ্রিক দায়িত্ব গণপূর্ত বিভাগের ওপর ন্যস্ত করা হয়। নির্মাণাধীন ২০টি বহুতল ভবনের প্রতিটিতে দুইজন করে ফায়ারম্যান নিয়োগসহ সার্বক্ষণিক ফায়ার ফাইটিং টিম গঠন এবং প্রয়োজনীয় সকল প্রকার ফায়ার ইকুইপমেন্টের রাখার ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য ফায়ার ডিফেন্স বিভাগের উপর দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।