আগামী নির্বাচনে জয়ী হয়ে জনগণকে নিয়ে নৌকায় উঠব : নিক্সন চৌধুরী

আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:১৬
ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিজয়ী হয়ে জনগণকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবের নৌকায় উঠব।   
 
শুক্রবার বিকালে উপজেলার তুজারপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।
 
নিক্সন চৌধুরী বলেন, ‘যেভাবে গত নির্বাচনে ফরিদপুর-৪ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে তাদের এমপি বানিয়েছে। আমি আমার মায়ের সমতুল্য নিরাপদ স্থান আমাদের সকলের জনপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোল ছেড়ে ফরিদপুর-৪ আসনের জনগণের কোলে আছি। জনগণের ভালবাসায় মুগ্ধ হয়ে তাদের ৩৫ বছরের পরাধীনতার শিকল থেকে মুক্তি দিতেই আমার রাজনীতি। সম্প্রতি আমাকে নৌকায় উঠার জন্য যে খবর চারদিকে প্রচার হয়েছে- তার উত্তরে আমার একটাই জবাব, আগামী নির্বাচনে আমি বিজয়ী হয়ে এবং জনগণকে নিয়ে আমার প্রাণ প্রিয় দল আওয়ামী লীগের নৌকায় উঠব।’
 
তিনি আরো বলেন, ফরিদপুর-৪ আসনের জনগণের মনে বঙ্গবন্ধু ছাড়া অন্য কিছুই নেই। একটি বিশেষ মহলের দখলে থাকা নৌকা ব্যবহার করে কতিপয় নেতা কোটি কোটি টাকার মালিক বনেছে অথচ উন্নয়নের নামে কিছুই দেয়নি। এই মহলটি ৩৫ বছর জনগণের ওপর অত্যাচার, নির্যাতন উপহার দিয়েছে। অত্যাচারিত কোন অসহায় মানুষের চোখের পানি আল্লাহ কবুল করাতেই আজ আমি আপনাদের এমপি আর সেই মহলটি আজ জনবিছিন্ন।
 
এ সময় ফুলের তোড়া দিয়ে বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মাকসুদুর রহমান গোলাম মাওলাসহ একাধিক নেতাকে গ্রহণ করে নেন এমপি নিক্সন চৌধুরী।
 
তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান পরিমল দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়ন দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিছেয়ে ঠিক সেভাবে আমাদের জনপ্রিয় এমপি নিক্সন চৌধুরীও সত্যিকার উন্নয়ন দিয়ে ফরিদপুর-৪ আসনকে দেশের মধ্যে মডেল হিসাবে তৈরি করেছেন। আগামীতেও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই ভাঙ্গাকে তিনি দেশের মধ্যে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করবেন।’
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান কাওছার ভুইয়া, নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান লাবলু, ফরিদপুর জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক অপু, আওয়ামী লীগ নেতা লাবলূ মুন্সি, এ্যাপোলো নওরোজ, আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক, তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোমল, বিশিষ্ট ব্যবসায়ী ওহাব ভুইয়া, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক জাফর মুন্সি প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি