ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যসহ আহত ৬

আপডেট : ২৭ মে ২০১৭, ০৯:৪২
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ছয়জন আহত হয়েছেন।
 
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার নিতাই সাহা মোড় নামক স্থানে এমপিকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, তার ব্যক্তিগত সহকারী আবুল কামাল (৩৮) ও রুবেল (৪০), ভটভটি চালক মো. ফারুক (৩০), ভটভটি যাত্রী শফিকুল ইসলাম (২৫) ও জয়নাল (৩৮)।
 
ঘোড়াঘাট থানার এসআই মো. আরিফুল ইসলাম জানান, দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে নিতাই সাহা মোড় নামক স্থানে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীতগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সঙ্গে থাকা অপর দু্ইজন এবং ভটভটি চালক ও ভটভটির দুই যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
 
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. সামসুর রহমান কাজল জানান, আহত এমপি মনোরঞ্জন শীল গোপালসহ তার সঙ্গে থাকা অপর দু্ইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি