মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দা উপজেলার বনকুড়া গ্রামজুড়ে গ্যাসের সন্ধান মিলেছে। এক সপ্তাহ আগে গ্রামের ময়েজ উদ্দিনের বাড়িতে স্থাপনকৃত নলকূপ মেরামত করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়া যায়। পর্যায়ক্রমে গ্রামের মোজাম্মেল হকের বাড়ি, আবদুল জব্বারের বাড়িসহ অনেকের নলকূপে গ্যাসের অস্তিত্ব মিলেছে। গ্রামের অন্য নলকূপগুলোতেও পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনা এড়াতে নলকূপের পাইপের গ্যাসে আগুন না জ্বালানোর জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টি ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও বাপেক্স কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে।
