বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও চালকের শাস্তিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা পথ অবরোধ করে রাখে। এতে মহাসড়কটির দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগামী তিন দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তিনটি গেটের সামনে গতিরোধক নির্মাণ, বাসের চালকের শাস্তি ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিহত শিক্ষার্থী রানার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দেয়ার দাবি জানান।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম এসে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তারা অবরোধ তুলে নিচ্ছেন না। বরং তারা দ্রুত এসব দাবি বাস্তবায়ন চান। পরে ভিসি সেখান থেকে চলে যান।
উল্লেখ্য, শুক্রবার সকালে সাভারের কলমা থেকে রিকশাযোগে ক্যাম্পাসে যাওয়ার পথে একটি বাসের ধাক্কায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজির শিক্ষার্থী আরাফাত।
পরে তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আরাফাতও মারা যান।
ইত্তেফাক/জামান
