বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও চালকের শাস্তিসহ বিভিন্ন দাবিতে টানা ছয় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে রাস্তার দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ লাঠিপেটা করে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম আন্দোলনকারীদের কাছে এসে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এর পর ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম সেখান থেকে চলে যাওয়ার পরেও তারা অবরোধ তোলেনি। ফের ৩টার দিকে ভিসি এসে তাদের আবার অবরোধ তুলতে অনুরোধ করলেও তারা তখনো অবরোধ তোলেনি।
এরপর ভিসি চলে যাওয়ার পরেই বিকেল ৫টার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। এতে সাংবাদিক হাফিজসহ প্রায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশের হামলার প্রতিবাদে ফের শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই রয়েছেন। অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগও তাদের উপর হামলা চালিয়েছে। এতে সাংবাদিক সায়েমসহ কিছু শিক্ষার্থী আহত হয়েছে।
জানা যায়, গত শুক্রবার সকালে সাভারের কলমা থেকে রিকশায় করে ক্যাম্পাসে যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজির শিক্ষার্থী আরাফাত। পরে তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আরাফাতও মারা যান। এছাড়া শিক্ষার্থীদের দাবি নিহত দুই শিক্ষার্থীর লাশ বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আনতে দেয়নি। এর প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে শনিবার শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেন।
ইত্তেফাক/জামান
