ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত কারারক্ষীর মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত কারারক্ষী সাখাওয়াত হোসেন মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ২৮ মার্চ আঠারবাড়ী রায়ের বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা মিছিলে বিবদমান সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নয়ন চক্রবর্তী ও পথচারী গৌরিপুর উপজেলার মহিস্মরণ গ্রামের কারারক্ষী সাখাওয়াত হোসেন গুরুতর আহত হন। কারারক্ষীকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য ওই দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী বদরুল আলম প্রদীপ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোস্তাফিজুর রহমান স্বপন ও রবিন মিয়াকে গ্রেফতার করে।