ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অচলাবস্থা কাটছে না

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৩

বন্ধ এক মাস

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অচলাবস্থা কাটছে না। ছাত্র আন্দোলনের মুখে কর্তৃপক্ষ কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এরপর থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

ঝিনাইদহ শহর থেকে ৯ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে হলিধানি এলাকায় দুইটি প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ মন্ত্রণালয় কলেজটি স্থাপন করে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। এদিকে কলেজটিতে একাডেমিক কার্যক্রমের শুরু থেকেই ছাত্র আন্দোলনের মুখে পড়ে। প্রথমে তারা কলেজটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন শুরু করেন। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন করে কলেজটিকে পৃথক ফ্যাকাল্টি করার দাবি জানান। আর ওই দাবিতে ফেব্রুয়ারিতে তারা আন্দোলন জোরদার করে মূল আন্দোলনের দাবির সাথে আরো কয়েকটি দাবি যুক্ত করে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে কলেজে অচলাবস্থার সৃষ্টি হয়। ছাত্ররা দুইটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। অবশেষে কলেজ কর্তৃপক্ষ প্রশাসনের সাথে পরামর্শ করে গত ১ মার্চ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

কলেজের অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমস্যার স্থায়ী সমাধান করে কলেজটি খোলার চিন্তা ভাবনা করছে।