পাক জঙ্গি বিমানের বোমাবর্ষণের
সেই ভয়াবহ দিন আজ
নরসিংদী প্রতিনিধি আজ বৃহস্পতিবার বর্বর পাকহানাদার বাহিনীর নিষ্ঠুরতম বিমান হামলার সেই ভয়াবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর জঙ্গি বিমান নরসিংদী শহরে ব্যাপক বোমাবর্ষণ করে নরসিংদী সড়কটিকে ধ্বংস করে দিয়েছিল। পাক জঙ্গি বিমানের হামলায় ১৩ জন নিরীহ বাঙালি নিহত হয়। বোমার আঘাতে শহরের বড় বাজার, মাছ বাজার ও নিমতলী বাজারে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। নিমিষেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান বন্দর নরসিংদী শহরটি আগুনে ভস্মীভূত হয়। মাছ বাজারেই আগুনে পুড়ে ১৩ জন নিহত হয়। তত্কালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ এ হামলার পর পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।
বিআরডিবির কর্মচারী সংসদের প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ
পিরোজপুর অফিস বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের পরিবর্তে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প/কর্মসূচিকে প্রস্তাবিত বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ প্রতিবাদে গতকাল বুধবার পিরোজপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর বরাবরে পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে বিআরডিবি কর্মচারী সংসদ পিরোজপুর জেলা শাখা এ স্মারকলিপি হস্তান্তর করে। এ সময় সংগঠনের জেলা সভাপতি অনাদি কুমার মৃধা, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, মুনিরুজ্জামান খান, শহীদুল ইসলাম, হায়দার আলী, হাসান হাওলাদারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আখাউড়া মাদক বিরোধী শোভাযাত্রা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আখাউড়ায় মঙ্গলবার মাদক বিরোধী র্যালি হয়েছে। আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন এই র্যালির আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, সহকারী পুলিশ সুপার আব্দুল করিম প্রমুখ। পরে থানা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূইয়া।
ভোলায় বিআরডিবি কর্মীদের মানববন্ধন
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি রাজস্বের বেতন-ভাতার দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ বিআরডিবি কর্মীরা। বুধবার ভোলা জেলা বিআরডিবির আয়োজনে বিআরডিবি ভবনের সামনে মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিআরডিবির ভোলা জেলা শাখার সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক জয়ন্তী রানী দাস প্রমুখ। পরে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁদপুরে শহীদ কালাম, খালেক, সুশীল ও শংকর দিবস পালিত
চাঁদপুর প্রতিনিধি স্বাধীনতা যুদ্ধে পাকা হানাদার বাহিনীকে মারার জন্য ৩ এপ্রিল ’৭১ সালে বোমা বানাতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের কালাম,খালেক, সুশীল ও শংকর শহীদ হয়েছিলেন। শহীদ কালাম, খালেক, সুশীল ও শংকর দিবস উপলক্ষে চাঁদপুরে বুধবার মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মুখ থেকে শোক র্যালি বের হয়। পরে নতুন বাজারস্থ মুক্তিস্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। শোক র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দিবসটি উদযাপন কমিটির আহবায়ক সরদার আবুল বাশার, শহীদ কালামের ছোট ভাই জহিদুল ইসলাম ভুঁইয়া, মুক্তিযোদ্ধা অজিত কুমার দাস প্রমুখ।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল
টাঙ্গাইল প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সমেন্ট ইন লাইফ সায়েন্স’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল শুক্রবার শুরু হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে এ কনফারেন্স হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
হোমনা পৌর সুপার মার্কেট নির্মাণকাজের উদ্বোধন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে ৬তলা বিশিষ্ট হোমনা পৌর সুপার মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে বুধবার। বাংলাদেশ বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান এর উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, সোসাল সেইফ গার্ড স্পেশালিস্ট মো. নজরুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আবদুল গণি, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার প্রমুখ। ২০২০ সালের ৩১ মার্চের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
বিআরডিবির স্মারকলিপি প্রদান
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সিবিএ নেতৃবৃন্দ ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরের’ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার সদর উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে বিআরডিবি কর্মচারী সংসদ-সিবিএ সভাপতি এনামূল কবির খান ও সাধারণ সম্পাদক ফেরদৌস উল আলমের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মধুখালী সদরে অবস্থিত ঐতিহ্যবাহী মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের স্মরণে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন করা হয়েছে। মুক্তিযুদ্ধোর চেতনা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, সুখী ও দুঃখী পরিবারের কাহিনী, ‘৭১ এর মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের বিশেষ মূহুর্তের নানা চিত্রকর্ম এতে রয়েছে।
হরিণাকুণ্ডুতে আর্সেনিক প্রতিরোধ কর্মশালা
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা হরিণাকুণ্ডুতে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বুধবার আর্সেনিক কর্ম প্রতিরোধ কর্মশালা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক প্রমুখ।
০
