খাদ্য পরিদর্শকদের পদোন্নতি সহ কয়েক দফা দাবিতে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি খাদ্য ভবনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার সকাল দশটা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে।
তাদের দাবিগুলো হলো উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের ফিডারপদ খাদ্য পরিদর্শকদের পদোন্নতিতে ৮৫% কোটা দেওয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতির ক্ষেত্রে পরিদর্শকদের চাকুরিকাল পাঁচ বছর করা এবং চতুর্থশ্রেণির পদ আউটসোর্সিং বন্ধ করা।
আন্দোলনের বিষয়ে খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুর রহমান খান ও মহাসচিব উত্তম কুমার দাস বলেন, 'খাদ্য দফতরের নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগ বিধির একটা প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। খাদ্য অধিদপ্তর হতে যে প্রস্তাব গেছে সেই প্রস্তাব পাস কাটিয়ে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'আগে উপখাদ্য পরিদর্শক থেকে খাদ্য পরিদর্শক ফিডার পদে আমাদের পদোন্নতিতে পাঁচ বছর সময় লাগতো, এখন সাত বছর লাগবে। আগে কোটা ছিলো ৮৫% এখন এখন সেটা ৭০%। দীর্ঘদিন ধরে এসবের সমাধান না হওয়ায় আমরা আন্দোলন করছি।'
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান ইত্তেফাককে বলেন, একেকজনের একেকটা দাবি থাকে। জনপ্রশাসন মন্ত্রণালয় যৌক্তিক দিক বিবেচনা করে নিয়ম করে। আন্দোলনকারীদের বিষয়ে বলেন, 'তাদের সব দাবিগুলো মন্ত্রণালয় গ্রহণ করবে আশা করা যায় না।' এসময় তিনি বলেন, 'তাদের আংশিক দাবি পূরণ হতে পারে।'
ইত্তেফাক/জামান
