ভারতে ১৪ জন মিলে দুই তরুণীর শ্লীলতাহানি

আপডেট : ২৯ মে ২০১৭, ০৯:২৭
ভারতের উত্তরপ্রদেশে ১৪ জন মিলে দুই তরুণীর শ্লীলতাহানি করেছে। এর ভিডিও আবার ইন্টারনেটে ছেড়ে দিয়েছে তারা। ভিডিওটি ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।
 
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ১৪ জন তরুণ দুই তরুণীকে ঘিরে ধরে তাদের সঙ্গে অশালীন আচরণ করছে, তাদের শ্লীলতাহানি ঘটাচ্ছে। আপ্রাণ চেষ্টায় যখন ওই তরুণীরা পালানোর চেষ্টা করছেন, তখন তাদের ওড়না টেনে ধরা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।
 
ভিডিওতে আরো দেখা গেছে, আক্রান্ত দুই তরুণী মুক্তি পাওয়ার জন্য অনুরোধ করেও রেহাই পাননি। তরুণরা তাদের অশালীন ভাষায় আক্রমণ করছে। তারপর রসিকতার ঢংয়ে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। উত্তরপ্রদেশের এই ইভ-টিজাররা এতই বেপরোয়া যে তারা শ্লীলতাহানির ঘটনা চাপা দেওয়ার চেষ্টাই করেননি, বরং ঘটনার ভিডিও তারা নিজেরাই আপলোড করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
 
ঠিক কবে এই ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল উত্তরপ্রদেশের রামপুর জেলা। ফুটেজ দেখে তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রামপুর থানার এসপি বিপিন টাডা। বাকিদের খোঁজ চলছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ