বিভিন্ন স্থানে বজ্রপাতে ৬ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৯ মে ২০১৭, ১০:৫৪
 
গতকাল রবিবার মানিকগঞ্জ, রাজবাড়ী, লক্ষ্মীপুর ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। আহত হয়েছে ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে তিন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার বায়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: বায়রা কাটাখালী গ্রামের আব্দুল বারেক (৪৫), একই গ্রামের তাহের আলম (৪৬) ও আসলাম হোসেন (৫০)।
 
ঘটনাস্থল থেকে রাজিব মিয়া নামে এক যুবকসহ কয়েকজন এলাকাবাসী জানান, ওই গ্রামের আসলাম হোসেনের বাড়িতে ধানকাটার কাজ করছিল এলাকার কয়েকজন কৃষক। বৃষ্টির সময় তারা ক্ষেতের পাশে ধানের অস্থায়ী গোলায় অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাত হয়। ঘটনাস্থলেই আব্দুল বারেক এবং হাসপাতালে নেওয়ার পর তাহের আলী এবং আসলাম হোসেনের মৃত্যু হয়। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের মধ্যে একজন নারী রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিংগাইর থানা ওসি আলী ইমাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
অপরদিকে সাটুরিয়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে: উপজেলার হরগজ গ্রামের নিতাই সরকার (১৫) ও জয়ন্ত সরকার (১৩)। সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।
 
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বজ্রপাতে লিটন মোল্লা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত লিটন মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে ইলিশকোল গ্রামে আলাউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, লিটন মোল্লা বাড়িসংলগ্ন কৃষিজমিতে কাজ করছিলেন। বিকাল ৫টার সময় বজ্রপাতে আহত অবস্থায় মাঠে পড়ে থাকলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বজ্রপাতে শামছুল হক নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জেলে আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে নিহতের মরদেহ নামাজে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শনিবার মধ্যরাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর মেঘা এলাকার মেঘনার মাছ শিকারকালে এ ঘটনা ঘটে। আহত জেলেরা জানান, তারা এক নৌকাতে ৫ জন নদীতে মাছ শিকারে যান। হঠাত্ হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তারা সবাই আহত হন। পরে আহত অবস্থায় খোরশেদ আলম তার মোবাইল ফোন থেকে পার্শ্ববর্তী নৌকার জেলের কাছে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ডাক্তার রাতেই শামছুল হককে মৃত ঘোষণা করেন।
 
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: নাচোলে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক কার্তিক মাহাতো (৪০) উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর সোগুনা গ্রামের মৃত দুঃখু মাহাতোর ছেলে। মৃতের পরিবার জানায়, গতকাল রবিবার বিকালে কার্তিক মাহাতো তার পরিবার নিয়ে জমিতে কাজ করছিলো এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই কার্তিক মাহাতো মারা যায় ও তার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে।
 
ইত্তেফাক/আনিসুর