২০২৩ সালের মধ্যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে সিটি ইকোনমিক জোনে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

২০২৩ সালের মধ্যে শতভাগ শিল্প স্থাপনের মাধ্যমে ২০ হাজার কর্মসংস্থান ও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সিটি ইকোনমিক জোন। ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় ৭৮ একর জমিতে গড়ে তোলা হচ্ছে খাদ্য, পানীয় ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্প। ২০১৮ সালের ২৩ জানুয়ারি ব্যক্তিমালিকানাধীন এই অর্থনৈতিক অঞ্চলকে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিটি অর্থনৈতিক অঞ্চলসহ মোট ১৩টি অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন গন্ধবপুর এলাকায় সিটি ইকোনমিক জোন এলাকা থেকে সরাসরি এই কার্যক্রমে অংশ নেয়। এসময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এই জোনের পার্শ্ববর্তী এলাকায় সিটি গ্রুপের নানা শিল্প কারখানা হতে উত্পাদিত পণ্য অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে যাচ্ছে। এই জোনটিতে আওতাধীন থাকছে মোট সাতটি শিল্প প্রতিষ্ঠান। এগুলো হলো- সিটি ইকোনমিক জোন, সিটি অটো রাইস ও ডাল মিলস লি., সিটি এডিবল অয়েল লি. রূপসী সুগার মিলস লি., রূপসী ফ্লাওয়ার মিলস লি., রূপসী ফিড মিলস লি. ও সিটি সিড ক্রাসিং ইন্ডা:লি:-২।