যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী হামলাকারীর সালমান আবেদীর সম্পর্কে তথ্য ছিলো ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। তারপরও তার বিরুদ্ধে কোনো ধরণের পূর্ব সতর্কবার্তা জারি করা হয়নি। আর এই বিষয়টিকে নিয়েই নতুন এক তদন্তে নেমেছে দেশটির গোয়েন্দা সংস্থা এমআই৫।
হোয়াইট হলের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২২ মে হওয়া হামলার আগেই ২২ বছর বয়সী এই আত্মঘাতী হামলাকারী সম্পর্কে স্থানীয় একাধিক অধিবাসীর কাছ থেকে যে সতর্কবাণী পাওয়া গিয়েছিল, এমআই৫ সিকিউরিটি সার্ভিস আগে সেগুলোই দেখছিল যাচাই করে। বলা হচ্ছে, হামলার আগে সালমানের অন্তত তিনবার চরমপন্থি দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া গিয়েছিল।
IMG0
ম্যানচেস্টার হামলাকারী সম্পর্কে আগে পাওয়া তথ্য কীভাবে অবজ্ঞা করা হয়েছে, সেটি খুঁজে বের করতে এমআই৫ একটি ‘ঘটনা পরবর্তী তদন্ত’ চালু করেছে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রীসহ এই গোয়েন্দা সংস্থাটির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য আলাদা করে একটি প্রতিবেদনও তৈরি করা হচ্ছে।
IMG1
উল্লেখ্য, ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে ওই আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়। আহত হয় মোট ৬৪ জন। নিহতদের মধ্যে ৭ জন শিশু। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৪ জায়গায় অভিযান চালিয়েছে এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত সন্দেহে ১৩ জন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। বিবিসি ও সিএনএন।
ইত্তেফাক/সেতু
