আওয়ামী লীগ সব জরিপে এগিয়ে আছে :কাদের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সকল জরিপে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। আগামী নির্বাচনে জনগণ আমাদের দল ও জোটকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে বিশ্বাস করি।’ গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, নাশকতা বিএনপির পুরনো স্বভাব। ২০১৪ সালে তারা যে নাশকতা করেছে সে ভয়াবহ স্মৃতি দেশবাসী এখনো ভুলে যায়নি। আর যশোরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে। এটা তাদের দলীয় কোন্দলের কারণেও হতে পারে, যা তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে বিএনপির এই প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের কোনো স্বার্থের বিষয় নেই।

তিনি আরো বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে যে তথাকথিত ‘জোয়ার’ দেখা যাচ্ছে তা সারা দেশে কিন্তু নেই। এই সাময়িক জোয়ারে ক্ষমতার রঙ্গিন স্বপ্ন যদি বিএনপি নেতারা দেখেন, তাহলে ৩০ ডিসেম্বর সেটা টের পাবেন। আমরা স্বপ্ন বিলাসী দল নই, বাস্তববাদী। তাই নির্বাচনে বিশ্বাস করি। বিএনপি হেলাফেলা করার মতো দল নয়। তবে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’

বিএনপি নেতা রিজভীর দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে তাদের একজন আবাসিক প্রতিনিধি রয়েছেন। তার কাজ হচ্ছে আজগুবি সব অভিযোগ করা। অথচ তার জানা উচিত, জনমত পক্ষে না থাকলে মেকানিজম করে জয়লাভ সম্ভব নয়।’ শরিকদের সঙ্গে আসন ভাগ নিয়ে জটিলতা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসন নিয়ে দরকষাকষি তো হবেই। এটা গণতন্ত্রের অংশ। তবে কোনো টানাপড়েন নেই। এখানে বানরের পিঠা ভাগ করে তো লাভ নেই। সব কিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। এখানে কে কত সিটে জিততে পারবে, এটাই হলো আমাদের প্রধান বিবেচ্য। যারা জয় পাবার যোগ্য তাদেরই আমরা মনোনয়ন দিব।’ জোটের আসন ভাগাভাগি মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, মনোনয়ন তালিকা প্রকাশের বিষয়টি ২৭ নভেম্বর অতিক্রম করা যাবে না।’ শরিকদের কত আসন দেওয়া হতে পারে সে বিষয়ে আভাস চাইলে তিনি বলেন, ৬৫-৭০ এর জায়গায় ২/৪টা বাড়তেও পারে।