বহুতল ভবনগুলো বীমার আওতায় আনুন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:৪৬

বিআইএ’র প্রেসিডেন্টের আহ্বান

ইত্তেফাক রিপোর্ট

সম্প্রতি রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ড সারাদেশের মানুষকে সাংঘাতিকভাবে ভাবিয়ে তুলেছে। অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। তিনি ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় নির্মিত এবং নির্মীয়মাণ বড় বড় ভবনগুলো বাধ্যতামূলকভাবে ইন্স্যুরেন্সের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। গতকাল বিআইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি। এর আগেও এই আহ্বান জানানো হয়েছে- উল্লেখ করে শেখ কবির হোসেন বলেন, প্রতিটি ভবন বীমার আওতায় থাকলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভবনের প্রয়োজনীয় তথ্যাদি ঠিক আছে কিনা তা যাচাই করার সুযোগ পেত।