লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়া উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া টংকাবতী খালের বুকে বোরো চাষ করেছে কৃষকরা। উপজেলার কলাউজানস্থ টংকাবতী খালে ব্যাপক হারে বোরো ও কচুর চাষ হয়েছে। আর চরে আখসহ বিভিন্ন সবজির চাষ হয়েছে। চাষিরা প্রতি বছর এ সময় বোরোসহ বিভিন্ন সবজির চাষ করে। খাল ভরাট ও খালে পানি কমে যাওয়ার কারণে খালের বুকে প্রতিবছর বোরো চাষ আর খালের চরে ও পাড়ে বিভিন্ন সবজির চাষ করে কৃষকরা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কলাউজান আদারচর এলাকায় টংকা খালের বুকে প্রচুর বোরো চাষ হয়েছে। পাশাপাশি হয়েছে কচুর চাষও। আর খালের চরে হয়েছে বিভিন্ন সবজির চাষ। টংকা খালের বুকে কিংবা চরে এমন কোনো জায়গা নেই যেখানে বোরো বা সবজির চাষ হয়নি। খালের বুকে সামান্য পানিতে বোরো চাষ করেছে চাষিরা। এলাকার বোরো ও সবজি চাষি বশির আহমদ জানান, বোরো মৌসুমে আদারচর এলাকার টংকা খাল শুকিয়ে যায়। খালের বুকে সামান্য পানিতে প্রতিবছর বোরো চাষ করেন তিনি। এছাড়াও তিনি খালের চরেও বিভিন্ন সবজির চাষ করে থাকেন। উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, লোহাগাড়া উপজেলায় এবার ৩ হাজার ৬শ’ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। টংকাবতী খালের বুকে চাষ হয়েছে প্রায় ৮ হেক্টর। প্রতিবছর ওই এলাকার কৃষকরা টংকা খালের বুকে বোরো চাষ ও চরে বিভিন্ন সবজির চাষ করে লাভবান হচ্ছেন —ইত্তেফাক
