সুনামগঞ্জে পানিসম্পদ প্রতিমন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘এবার হাওরে বাঁধের কাজের মান গতবারের চেয়ে ভালো হয়েছে। কৃষকরা যাতে আগাম বন্যার আগেই ফসল তুলতে পারে সেটাই আমাদের লক্ষ্য। তবে ২০১৭ সালের মতো পাহাড়ি ঢল আর বন্যা হলে এসব বাঁধ বা ফসল ঠেকানো সম্ভব না।’
গতকাল বুধবার দিনব্যাপী সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এসময় মন্ত্রী আরো বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে যেসকল বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজও দ্রুত চলছে এবং হাওর এলাকায় স্থায়ী বাঁধ প্রকল্পের কাজ নিয়ে ভাবছে সরকার। আগামী বছর থেকে কাজের মান আরো ভালো হবে এবং আরো আগে কাজ শুরু হবে।
এসময় মন্ত্রী আরো জানান, কুশিয়ারা ও সুরমা নদী খননে সরকার দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে।
এসময় বাঁধ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মাহফুজুর রহমান, যুগ্ম-সচিব মন্টু কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক প্রমুখ।
