ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ ছাত্রলীগের

আপডেট : ২৯ মে ২০১৭, ২২:৪৮
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলার জন্য উপকূলীয় এলাকার ছাত্রলীগ নেতা-কর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
সোমবার বিকেলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সম্পর্কে সবাইকে সচেতন করুন, সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিন এবং গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখার পরামর্শ দিন।
 
এছাড়া ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস পরবর্তী সময়ে পুনর্গঠন কাজের জন্য স্বোচ্ছাসেবক দল গঠন করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উপকূলীয় জেলা সমুহের ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ হয়েছে ‘মোরা’। মঙ্গলবার সকালে এটি চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/রেজা/নূহু