টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে সাগর উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া গমনের প্রস্তুতিকালে পৃথক অভিযানে ২৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে তাদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি দল উপজেলার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া উপকূলে নৌকার জন্য অপেক্ষমাণ ২ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশুসহ ১৩ জন রোহিঙ্গা মালয়েশিয়াগামীকে উদ্ধার করে।
অপরদিকে, মঙ্গলার রাত ৮টার দিকে একই বিওপির টহল দল কাটাবুনিয়া খালের মুখে অভিযান চালিয়ে ১ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৬ জন শিশুসহ ১৪ জন বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে নৌকার জন্য অপেক্ষমাণ অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার নিশ্চিত করেন।
