চৌগাছায় সড়কের দু’পাশে গাছ মরে যাচ্ছে

আপডেট : ৩০ মে ২০১৭, ০২:১২

চৌগাছা-ঝিকরগাছা সড়কে অর্ধ-শতাধিক বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ মরে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওই গাছগুলো যেকোনো সময় ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌগাছার চাঁদপুর মোড় থেকে ঝিকরগাছা পর্যন্ত সড়কের দু’ধারে প্রায় অর্ধশতাধিক মূল্যবান গাছ মরে গিয়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে। গাছগুলো বেশ কয়েক বছর পূর্বেই মরে গেছে।

 

সড়কে পথচারীদের অভিযোগ, ‘নষ্ট গাছগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে থাকি কখন সেগুলো মাথার উপর ভেঙে পড়ে। সড়ক মেরামত করতে আসা চৌগাছার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজনকে জানালেও তারা গাছগুলো কাটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।

 

তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশল অফিসের একটি সূত্র জানিয়েছে,‘গাছ এলজিইডি লাগালেও সড়কের মালিকানার কারণে গাছের মালিকানাও জেলা পরিষদের। ফলে গাছ কাটার বিষয়টি তারাই দেখে থাকে। এ কারণে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিষয়টিতে কিছু করার নেই।’

ইত্তেফাক/নূহু