কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছালামত উল্লাহ দুর্বৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। ছালামত উল্লাহকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র মকসুদ মিয়াকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মহেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন আহতের পরিবার।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার বলেন, আমি মঙ্গলবার মহেশখালী ছিলাম না, আজ বুধবার এসেছি। তার (ছালামত উল্লাহ) স্বভাব-চরিত্র ভাল নয়। নানা অপকর্ম করে বেড়াত শুনেছি। হয়তো সংক্ষুদ্ধ কেউ আক্রমণ করে থাকতে পারে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মঙ্গলবার রাতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছালামত আক্রান্ত হবার কথা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। মধ্যরাতে তাকে স্পিড বোটে কক্সবাজার পাঠানোর ব্যবস্থা করা হয়। কিভাবে আক্রান্ত হয় জানতে পারিনি। লিখিত অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
